স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষ বরণ শেরপুরে গানে-আনন্দে বৈশাখী আড্ডায় মেতে ওঠেন প্রবীণ-নবীনরা। ১৫ এপ্রিল রবিবার রাতে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ শহরের পৌর নিউমার্কেট সভাকক্ষে ওই বৈশাখি আড্ডার আয়োজন করে।
উদীচী শেরপুর জেলা সংসদের শিল্পীরা এতে সংগীত পরিবেশন করেন। বৈশাখী আড্ডার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাকক্ষের সভাপতি প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার। এসময় শিক্ষাবিদ গবেষক ড. সুধাময় দাস, জেলা সেক্টর কমান্ডারস ফোরাম সভাপতি আমজাদ হোসেন, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা উদীচী সভাপতি তপন সরোয়ার সহ সভাকক্ষের প্রবীন-নবীন সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশীয় ঐতিহ্যবাহী খাবার খিচুরি, পিঠা-পুলি, পায়েস সহ ১৬ পদে ব্যঞ্জন দিয়ে আড্ডায় অংশগ্রহণকারীদের নৈশভোজে আপ্যায়িত করা হয়। সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল জানান, মুলত: জেলার প্রবীণ নাগরিকদের সান্ধ্যকালীণ আড্ডাখানা নিউমার্কেটের এই সভাকক্ষটি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা বিপ্লবী রবি নিয়োগীর নামে প্রতিষ্ঠিত এ সভাকক্ষটি স্থানীয়ভাবে মুক্তিযদ্ধের চেতনা বিকাশ ও সৃজনশীল কর্মকান্ডের সুতিকাগার হিসেবে পরিচিত। গত তিন বছর ধরে চান্দ্রমাসের হিসাব অনুসারে পঞ্জিকামতে পহেলা বৈশাখে নববর্ষ বরণ উপলক্ষে ‘বৈশাখী আড্ডা’ আয়োজন হয়ে আসছে। এতে প্রবীণ নাগরিকদেরকে গানে-আনন্দে নবীনরা উজ্জীবিত করে তোলেন। সবাই মিলে সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক নতুন সমাজ বিনির্মাণের শপথে বলীয়ান হন।
























