স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষ বরণে শেরপুরে পহেলা বৈশাখে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা হয়েছে। ১৪ এপ্রিল শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট অঙ্গন থেকে ওই মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
শোভাযাত্রায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। গ্রামীণ ঐতিহ্যবাহী পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং বাংলার বাঘসহ বিভিন্ন মুখোশ পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোররা বাদ্য-বাজনাসহ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারী সকলকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় দই-চিড়া, রসগোল্লা দিয়ে আপ্যায়ন করা হয়।
শোভাযাত্রা শুরুর আগে ডিসি উদ্যানে স্থাপিত বর্ষবরণ মঞ্চে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ-গান-আবৃত্তি পরিবেশন করেন। নববর্ষবরণ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী পালন করে।























