স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য খন্দকার মোঃ খুররম আর নেই। তিনি ১৪ এপ্রিল শনিবার সকালে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে…..রাজেউন)। প্রথম জীবনে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত হন এবং কেন্দ্রীয় কৃষক পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি শেরপুর অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন।
আগামীকাল ১৫ এপ্রিল রবিবার সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবন এলাকায় মরহুমের প্রথম নামাজে জানাযা ও বাদ এশা জামালপুর সদরে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার সকাল ৯ টায় শেরপুর সদরে, সকাল ১১ টায় শ্রীবরদী সদরে ও বাদ যোহর ভায়াডাঙ্গা তার নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে শ্রীবরদী ও ঝিনাইগাতী নির্বাচনী এলাকাসহ শেরপুর অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন গভীর শোক প্রকাশ করেছেন।
অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক এমপি এডভোকেট আব্দুল হালিম, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার এবং জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া গভীর শোক প্রকাশ করেছেন।























