শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বিশ্ব বাংলা সাহিত্যে পরিষদের উদ্যোগে পান্তা ভাত ও বর্ণমালার বই বিতরণ করা হয়েছে। ১৪ এপ্রিল শনিবার বিকেলে শহরের হাসপাতাল গেইটের পাশে মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।
উপজেলা বিশ্ব বাংলা সাহিত্যে পরিষদের সম্ববয়ক কবি কালাম বিন আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন জেলা কবি সংঘের সভাপতি সাংবাদিক তালাত মাহমুদ। বিশ্ব বাংলা সাহিত্যে পরিষদের উপজেলা শাখার নির্বাহী সম্পাদক ও কবি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা জাসদের সভাপতি শাহ কোহিনুর হোসেন, সাংবাদিক শাহাজাহান মিয়া ও মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল।
সভার এক পর্যায়ে বর্ষবরণ উপলক্ষে শিশু কিশোরদের মাঝে বাংলা বর্ণমালার বই বিতরণ করা হয়। পরে চলে পান্তা ভাত। এতে অতিথিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।























