নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৮টি ইউনিয়নের ৬৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে ওই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আছমত আরা আছমা। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুবিধাভোগী কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ২১০জন, নন্নী ইউনিয়নের ৭৫জন, নয়াবিল ইউনিয়নের ৬০, রামচন্দ্রকুড়া ইউনিয়নের ১০৫জন, কাকরকান্দি ইউনিয়নের ১৩৫জন, নালিতাবাড়ী ইউনিয়নের ৩০জন, রূপনারায়ণকুড়া ইউনিয়নের ৪৫জন, বাঘবেড় ইউনিয়নের ৩০জনসহ মোট ৬৯০জন কৃষকের মাঝে ওই সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল বলেন, খরিপ-১/২০১৮-১৯ মৌসুমের আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৯০জন কৃষকদের মাঝে প্রণোদনা প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়। এর মধ্য থেকে ৫৪০জন কৃষককে উফশী আউশ ধান আর ১৫০জন কৃষক নেরিকা আউশ ধান চাষের জন্য প্রণোদনা পায়। এ কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক প্রতি বিঘা আউশ ধান আবাদের জন্য ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচের খরচ বাবদ ৫শ টাকা প্রণোদনা পাবেন। আর প্রতিজন কৃষক প্রতি বিঘা নেরিকা ধান আবাদের জন্য সমপরিমাণ উপকরণের সাথে আগাছা দমনের জন্য ৫শ টাকা পাবেন। বীজ ও সার কৃষককে সরাসরি নিজে এসে গ্রহণ করতে হবে। আর আগাছা দমন ও সেচ সহায়তা বাবদ অর্থ সংশ্লিষ্ট কৃষকের নিজস্ব মোবাইলে ব্যাংক একাউন্ট (রূপালি ব্যাংক লি. এর শিউর ক্যাশ) এর মাধ্যমে স্থানান্তর করা হবে।

























