শেরপুরে ২৫ নদ-নদীর ১৭টিই বিলীন

খবর টি পড়েছেন : ১৭০
শেরপুরে ২৫ নদ-নদীর ১৭টিই বিলীন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নদী রক্ষায় করণীয় নির্ধারণে গোলটেবিল আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ ‘নদী বাঁচলে বাঁচবে প্রাণ, আসুন নদী সুরক্ষায় সচেতন হই’-এ শ্লোগানে শেরপুরে নদ-নদী রক্ষায় করণীয় নির্ধারনে গোলটেবিল আলোচনা হয়েছে। ১১ এপ্রিল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নাগরিক সংগঠন জনউদ্যোগ এবং পরিবেশ বাঁচাও আন্দোলন ‘পবা’ যৌথভাবে ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
পবা’র জেলা সমন্বয়কারি সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রকীব ও এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী জাফর আহমেদ মজুমদার। এতে জেলার নদ-নদীগুলোর অতীত ও বর্তমান বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, অধ্যাপক তপন সারওয়ার, সিনিয়র সাংবাদিক শরিফুর রহমান, সমাজসেবী এডভোকেট আশরাফুন্নাহার রুবী, শামীম হোসেন, নারীনেত্রী আঞ্জুমান যুথী, আইরিন পারভীন, নীরু শামছুন্নাহার নীরা প্রমুখ।
বৈঠকে পঠিত ধারণাপত্রে উল্লেখ করা হয়, শেরপুরে একসময় ১৬ টি প্রধান নদী এবং ৯টি ক্ষুদ্র নদী থাকলেও বতর্মানে মাত্র ৮টি নদী কোনমতে কালের সাক্ষী হয়ে কোনমতে টিকে রয়েছে। বাকী নদীগুলো বিলুপ্ত হয়েছে। টিকে থাকা ব্রহ্মপুত্র, মহারশি, সোমেশ^রি, ভোগাই, চেল্লাখালি, মৃগী, দশানি ও মালিঝি নদীগুলো এখন নাব্যতা হারিয়ে ক্ষীনকায় বিশুষ্ক শীর্ণ জলধারায় পরিণত হয়েছে। গারোপাহাড় এলাকায় নির্বিচারে বনভুমি ধ্বংস এবং পাহাড়ি টিলা খুঁড়ে পাথর উত্তোলন, নদীতে স্থানে স্থানে অপরিকল্পিত বাঁধ, স্লুইস গেট নির্মাণ, অপরিকল্পিতভাবে নদী থেকে বালি-খনিজ সম্পদ আহরন, দখল আর দূষণে পানির স্বাভাবিক প্রবাহ বাঁধাপ্রাপ্ত হয়ে ওইসব নদীগুলো অস্তিত্ব সংকটের পথে। এজন্য নদ-নদী, খাল-বিল জলাশয়গুলো খনন করে পানির প্রবাহ ও ধারণ ক্ষমতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। নদীর জীববৈচিত্র্য কিংবা স্বাভাবিক গতিপথ নষ্ট না করে পরিকল্পিতভাবে নদী থেকে মৎস্য ও খনিজ সম্পদ আহরনের প্রস্তাব করা হয়। সেইসাথে সকল নদী ও জলাভুমি সিএস ম্যাপ অনুযায়ী খাসজমি হিসেবে অক্ষুন্ন রাখা এবং নদ-নদীতে অপরিকল্পিত বাঁধ, ড্যাম, ব্যারেজ নির্মাণ বন্ধ করে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখার দাবি জানানো হয়।
ইনস্টিটিউট ফর এনভায়রমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ‘আইইডি’, সম্মিলিত সামাজিক আন্দোলন এবং জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় ওই গোলটেবিল আলোচনায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, সুশীল সমাজ, সাংবাদিক, পরিবেশ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মওদুদিবাদীরা মুসলমানদের ধোঁকা দিচ্ছে ॥ শেরপুরে ইফা মহাপরিচালক পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৫০ জন ভিক্ষুককে অনুদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads