স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রথম ত্রৈ-মাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত ভবন মিলনায়তনে ওই সম্মেলনের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূর। ওইসময় তিনি বলেন, আদালতের প্রতি মানুষের একসময়ের অন্ধ আস্থা যেন নষ্ট হয়ে যাচ্ছে। সেই আস্থা ফিরিয়ে আনতে আমাদের বিচার বিভাগ, বার ও প্রশাসন বিশেষ করে পুলিশ মিলে একসাথে কাজ করতে হবে। ওই ৩ বিভাগের সদিচ্ছা ও সমন্বয় ছাড়া বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরানো সম্ভব নয়। তিনি সিভিলভীতি সহজীকরণসহ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সশ্লিষ্টদের দায়বদ্ধতা ঘোচানোর উপর গুরুত্বারোপ করেন।
পরে জেলা ও দায়রা জজ এম.এ নূরের সভাপতিত্বে মামলা নিস্পত্তিতে বিদ্যমান সমস্যা, প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে মূল আলোচনায় অংশ নেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খালিদ বিন নূর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, যুগ্ম জেলা জজ-১ হারুন অর রশিদ, যুগ্ম জেলা জজ-২ সুদীপ্তা সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র সহকারী জজ রফিকুল বারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলার মোঃ ইসমাইল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মনসুর আহম্মেদ প্রমুখ।























