স্টাফ রিপোর্টার ॥ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া কাদিরপীর সুন্নাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছাবের আলীকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা ম্যানেজিং কমিটি। গত ২৪ মার্চ মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন সাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেইসাথে বরখাস্তের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট। তবে সাময়িক বরখাস্তের ৭ দিন অতিবাহিত হওয়ার পরও সুপার ছাবের আলী তাকে শোকজের কোন জবাব দাখিল করেননি। বরং স্থানীয় প্রভাব খাটিয়ে তিনি যথারীতি অফিস করছেন।
অভিযোগে প্রকাশ, ঘোনাপাড়া কাদিরপীর সুন্নাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছাবের আলীর বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রুহুল আমিনের সাক্ষর জালিয়াতি করে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, মাদ্রাসার টিউশন ফি উত্তোলন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোটার তালিকা ও নির্বাচনী তফসিল প্রস্তুত করেও নির্বাচন না দেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে। ওইসব অভিযোগের বিষয়ে তাকে ইতোপূর্বেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার কোন জবাব দেননি সুপার ছাবের আলী। ওইসব কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, সুপারকে সাময়িক বরখাস্তের নোটিশ সরাসরি অফিস সহকারী শফিকুল ইসলামের মাধ্যমে প্রদান করা হয় এবং তার প্রাপ্তিস্বীকারও নেওয়া হয়। কিন্তু এরপরও নির্ধারিত সময়সীমার মধ্যে নোটিশের কোন জবাব দাখিল করেননি। বরং স্থানীয় প্রভাব খাটিয়ে তিনি সহকর্মীদের সাথে যাচ্ছেতাই আচরণ করে যথারীতি অফিস করছেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সুপার ছাবের আলী দাবি করেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয় এবং বিশেষ স্বার্থ হাসিল না হওয়ার কারণেই তার বিরুদ্ধে ওইসব করা হয়েছে।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন বুধবার শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, বিষয়টি এখনও আমার নজরে আসেনি। কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ম্যানেজিং কমিটির রয়েছে। তবে সেই সিদ্ধান্ত অবশ্যই বিধিসম্মত হতে হবে।























