স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমসেদ আলী মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজাকে মারধরের ঘটনায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল ও তার ভাতিজা জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি শোয়েব আহমেদ শাকিলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ৪ এপ্রিল বুধবার অধ্যক্ষ রেজা বাদী হয়ে সদর থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, প্রভাষক মোরশেদুল আলম, মিনালের চাচাত ভাই শহীদ ও হেলাল নামে আরও ৪ জনকে আসামী করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫/৭ জনকে। তবে সন্ধ্যা পর্যন্ত ওই মামলায় কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বুধবার বিকেলে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ শহিদুল অভিযোগ করেন, ওইদিন গভর্নিং বডির সভাপতি মিনাল ও তার ভাতিজা শাকিল তাকে বেধরক মারপিট করা ছাড়াও আগ্নেয়াস্ত্র দেখায় ও গুম করার চেষ্টা করেন। এমনকি তাঁকে গুম করে ফেলার জন্য একটি মাইক্রোবাসও নিয়ে যায়। তাকে যেকোন সময় মেরে ফেলা হতে পারে বলেও তিনি আশঙ্কা ব্যক্ত করেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা বাদী হয়ে ৫০ লাখ টাকার একটি চাঁদাবাজি মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, দাপ্তরিক কাজের কথা বলে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন মঙ্গলবার সকালে অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজাকে কলেজে ডেকে নিয়ে যান। পরে তাকে উপাধ্যক্ষের কক্ষে ডেকে নিয়ে চলতি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ২ লাখ ১০ হাজার টাকা দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকার করলে ২টি সাদা কাগজ বের করে তিনি অধ্যক্ষের পদ থেকে তাকে পদত্যাগ করতে বলেন। পদত্যাগ করতে অস্বীকার করায় ওই সময় তাকে ৫০ লাখ টাকার মুচলেকা দিতে বলেন সভাপতি মিনাল। স্বাক্ষর করতে অস্বীকার করলে সভাপতি উত্তেজিত হয়ে তাকে প্রহার করতে শুরু করেন। এর কিছুক্ষণ পর সভাপতির ভাতিজা ছাত্রলীগ নেতা শাকিল কলেজে থাকা ক’জন শিক্ষককে বের করে দিয়ে দরজা-জানালা বন্ধ করে চাচাÑভাতিজা মিলে অধ্যক্ষকে বেদম প্রহার করেন। একপর্যায়ে পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে।
এদিকে অভিযোগ অস্বীকার করে মিনহাজ উদ্দিন মিনাল ও ছাত্রলীগ নেতা শাকিল সাংবাদিকদের বলেন, অধ্যক্ষ শহিদুল একজন মিথ্যাবাদী। ইতোপূর্বে অপকর্মের দায়ে তিনি সাসপেন্ড হয়েছিলেন। বিক্ষুব্ধ ছাত্ররা তাকে লাঞ্ছিত করেছে। তার মতে, ওই ঘটনা ঢাকতে এখন সে অপকর্মের দায় আমাদের ওপর চাপাচ্ছে।























