স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমসেদ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজাকে মারধর এবং ওই ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাদের নামে মামলার প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। ৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ওই কলেজের গভর্নিং বডি’র (পরিচালনা কমিটি) সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল ও তার ভাতিজা স্থগিত হওয়া জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলকে গ্রেফতারের দাবি জানানো হয়। কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক ব্যানারে আয়োজিত ওই মানববন্ধন থেকে বর্তমান গভর্নিং বডি (পরিচালনা কমিটি) বাতিলের দাবি জানানো হয়। প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন চলাকালে কলেজের প্রভাষক শেখ জামাল, আহত অধ্যক্ষের স্ত্রী এস.আর তাহিমাসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে শিক্ষামন্ত্রীর বরাবরে কলেজের ১৯ জন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ ১০২ জনের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে অধ্যক্ষ শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল ও স্থগিত হওয়া জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিলকে আসামী করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের একাংশ। শহরের চকবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে রঘুনাথ বাজার থানা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশ থেকে ওই মামলাকে মিথ্যা, ষড়যন্ত্রমুলক উল্লেখ করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। ওইসময় অধ্যক্ষকে দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারী আখ্যায়িত করে তার পদত্যাগ ও অপকর্মের বিচার দাবি করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মতিউর রহমান মতিন, ছায়েদুল ইসলাম শাওন, সাখাওয়াত হোসেন বাবুল, শাহরিয়ার শাওন, জিয়াউল হক জেনারেল, আবু ইলিয়াছ সাদ্দাম, শাহিনুর রহমান প্রমুখ। এছাড়া বিকেলে জমসেদ আলী মেমোরিয়াল কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে মিনাল-শাকিলের পক্ষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আরেকটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল মঙ্গলবার কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার ওপর হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল ও তার ভাতিজা শোয়েব আহমেদ শাকিল, কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, প্রভাষক মোরশেদুল আলম, মিনালের চাচাত ভাই শহীদ ও হেলাল নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামী করে ৫০ লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন।























