নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত ধানবোঝাই ট্রলি নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে নিজের ট্রলিতে চাপা পড়ে নিহত হয়েছে ট্রলি চালক বাদশা মিয়া। ৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের পাঁচগাঁও এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার ছালুয়াতলা গ্রামের রজব আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে ট্রলিচালক বাদশা মিয়া অতিরিক্ত ধান বোঝাই করে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে পাঁচগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। ওই সময় সামনের চাকা ফেটে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই উল্টে যায়। এতে ধানবোঝাই বস্তার নিচে চাপা পড়ে বাদশা মিয়া। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ প্রেরণ করে। ময়মনসিংহ নেয়ার নকলা এলাকায় পৌঁছলে চালক বাদশা মারা যায়।























