স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে প্রত্যন্ত পল্লী বাতিয়া গাঁও। ৩ এপ্রিল মঙ্গলবার এখানে গৃহহীনদের মধ্যে পাকাঘর হস্তান্তরের অনুষ্ঠান চলছিল। দুপুরে ওই গ্রামের অশীতিপর বৃদ্ধা জবেদা বেগমের হাতে ভিটে পাকা টিনের তৈরি ঘরের চাবি তুলে দিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক।
আনন্দঘন মুহূর্তে ওই বৃদ্ধা তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি। ওই সময় তিনি চোখ মুছতে মুছতে বলছিলেন ‘আমার বয়স ৮০ হইবো। আশিটা বছর ধইরা একট ভাল ঘরে থাকতে পারি নাই। একট ভাল টয়লেট ব্যবহার করবার পারি নাই। ঝড়-বৃষ্টির দিনে কখন ঘর ঝড়ে উড়ায়া নিব সেই চিন্তায় ঘুম আইতো না। শীতে ঠান্ডায় খুব কষ্ট অইতো। জীবনের শেষ দিকে আইয়া আইজ খুব ভাল লাগতাছে। রাইতে পাকাঘরে ঘুমামু । ভাল টয়লেট ব্যবহার করমু। ভাবতেও পারি নাই সরকার ঘর কইরা দিব। আসলে হাসিনাই গরীবের দুঃখ বুঝে। আমি হাসিনার জন্য দুয়া (দোয়া) করি।’
এদিন ওই গ্রামের হতদরিদ্র আবেদা খাতুন, মালারানি রবিদাস ও মনোয়ারা বেগমসহ মোট ৮৭ জনের হাতে পাকা ঘরের চাবি তুলে দেওয়া হয়। ওই গ্রামের দলিত সম্প্রদায়ের সদস্য এক সন্তানের জননী মালা রানি রবিদাস বলেন, ‘কাঁচা ঘরে আমরা খুব কষ্টে আছিলাম। দিন আইনা দিন খাই আমরা। পাকাঘর করার স্বপ্ন ছিল। কিন্তু করার ক্ষমতা ছিল না। পাকাঘর পাইয়া খুব উপকার হইছে। বাচ্চাটারে নিয়া অহন শান্তিতে ঘুমাবার পামু।’
ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সাংসদ প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চান। সেলক্ষে তিনি যাদের ঘর নেই তাদের ঘর করে দিচ্ছেন। দেশকে ভিক্ষুকমুক্ত করতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই দেশের সকল গ্রামে হতদরিদ্রদের জন্য পাকাঘর তৈরি করে দেওয় হবে।
ঝিনাইগাতীর ইউএনও ফারহানা করিম বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মাণের ১ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ আসে। ওই টাকায় উপজেলার ১৮৭ গৃহহীন পরিবারের মাঝে ১ লাখ টাকা ব্যয়ে ১টি করে ঘর ও পাকা টয়লেট নির্মাণ করে দেয়া হচ্ছে। এর মধ্যে ৮৭টি ঘরের নির্মাণ কাজ শেষে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বাকি ১শ’ ঘরের কাজ নির্মাণাধীন আছে।
হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তোতা, জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, ঝিনাইগাতী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শাহাজ উদ্দিন সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।























