শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ৮শ পিস ইয়াবাসহ রাশেদুজ্জামান ওরফে লিটন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২ এপ্রিল সোমবার বিকেলে শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের ছনকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই ফজলে এলাহীর নেতৃত্বে এসআই লাল মামুদ, আনসুর আহম্মেদসহ একদল ডিবি পুলিশ সোমবার বিকেল ৩টার দিকে শ্রীবরদী উপজেলার ছনকান্দা এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে মাদক ব্যবসায়ী রাশেদুজ্জামান ওরফে লিটনকে ৮শ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।























