স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা কাজী মো. মোখলেছুর রহমান। ওইসময় তিনি গত ১৬ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে আশ^স্ত করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ ৩৪ বছর ধরে বৈষম্যের শিকার হলেও বিগত দিনে মাদ্রাসা শিক্ষকদের সংগঠনের নেতৃবৃন্দরা দাবি আদায়ে কোন ভূমিকা রাখতে পারেননি। বরং নিজেদের আখের গুছিয়েছেন। আমাদের সংগঠন যখন অবহেলিত মাদ্রাসা শিক্ষকদের দাবি আদায়ে সফল হতে যাচ্ছে, তখন ওই ষড়যন্ত্রকারীরা আন্দোলনের ফসল তাঁদের ঘরে তোলার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মুকছেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. সামছুল আলম ও জামালপুর জেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম।























