স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শান্তিপূর্ণভাবে ২৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা ১ম পত্র (আবশ্যিক) পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০৬ জন পরীক্ষার্থী। তবে কোথাও কোন শিক্ষার্থীকে বহিস্কারের ঘটনা ঘটেনি।
জানা যায়, এ বছর শেরপুর জেলায় এইচএসসি ১১ টি কেন্দ্রে ৮ হাজার ৯শ ৫৮ জন পরীক্ষার্থী, আলীম ৫ টি কেন্দ্রে ১ হাজার ৩শ ৫০ জন, ভোকেশনাল ও কারিগরি ১১টি কেন্দ্রে ৩ হাজার ২শ ২৭ জনসহ মোট ১৩ হাজার ৫শ ৩৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে এইচএসসিতে ৫১ জন, আলীমে ১৯ জন এবং ভোকেশনাল ও কারিগরিতে ৩৬ জনসহ মোট ১০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা চলাকালে শেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও ডাঃ সেকান্দর আলী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অন্যান্য কেন্দ্রগুলোও পরিদর্শন করেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাইয়েদ এজেড মোরশেদ আলী জানান, জেলা প্রশাসনের সদিচ্ছায় আইন-শ্ঙ্খৃলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কারণে জেলায় একটি সুষ্ঠু পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের ভেতর নকল প্রবণতা না থাকার কারণেই অসদুপায় অবলম্বনের ঘটনাও ঘটেনি।























