নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ শুক্রবার দুপুরে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৮ মার্চ মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের ব্যানারে স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপর হামলা-ভাংচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড, অগ্নিসংযোগ ও তরুণ প্রজন্মের অহংকার প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলা হয়। ওই সময় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসা নেতা-কর্মীদের ধাওয়া করে ৯টি মোটর সাইকেল ভাংচুর, ৩টি ট্রাক ও একটি বাস ভাংচুর করে এবং ওই ঘটনায় ১৩ জনকে আহত করে। এর মধ্যে আব্দুল্লাহ আল মাহবুব নামে এক কর্মী গুরুতর আহত হয়ে মযমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের আহবায়ক মুক্তিযোদ্ধা বারী তালুকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশাসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক গোপাল সাহা, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মোকছেদ আলী বেগ, আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।























