স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ফাঁসিতে ঝুলে মনসুর আলী (৫০) নামে এক ইটভাটা শ্রমিক আত্মহত্যা করেছে। ২৯ মার্চ বৃহস্পতিবার ভোরে শহরের দমদমা কালীগঞ্জ মহল্লায় ওই ঘটনা ঘটে। মনসুর আলী স্থানীয় মৃত লোকমান আলীর ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক। দুপুরে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
জানা যায়, পৌর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার বাসিন্দা মনসুর আলী একই এলাকার এক ইট ভাটায় শ্রমিকের কাজ করে আসছিল। তার সাথে স্থানীয় কারও বা পারিবারিক কোন কলহ না থাকলেও সে মাঝে মধ্যে মানসিক রোগে ভুগত। বৃহস্পতিবার স্ত্রী ও তার সন্তানরা ঘুম থেকে উঠেই পাশের রান্নাঘরের ধর্ণায় রশিতে পেচানো তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে সদর থানার এসআই মুনিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মনসুর আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।























