নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় রফিজ উদ্দিন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ৩১ মার্চ শনিবার দুপুরে উপজেলার নকলা-নালিতাবাড়ী মহাসড়কের ধুকুড়িয়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। সে নকলা দক্ষিণ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ইমান আলীর ছেলে।
জানা যায়, হাজী জালমামুদ কলেজের ছাত্র এইচএসসি (কারিগরি) পরীক্ষার্থী রফিজ উদ্দিন শনিবার দুপুর ২টার কলেজ থেকে প্রবেশপত্র তুলে নিয়ে বাড়িতে যাওয়ার পথে ধুকুড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে পৌঁছলে নালিতাবাড়ীগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রফিজ মারা যায়।
























