স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, ২০১৮ সালের পরে কোন শিক্ষার্থীকে আর গাছতলায় বসে পড়তে হবে না। তিনি ৩১ মার্চ শনিবার বিকেলে শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ আতিউর রহমান মডেল কলেজ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শিক্ষক-অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোকে নীতিমালায় আনতে মন্ত্রণালয়ের টাস্কফোর্স কাজ করছে। তাদেরকে দ্রুতই নীতিমালার আওতায় আনা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক প্রমুখ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় শহরের ভাতশালাস্থ পিটিআইয়ের সকল কর্মকর্তা ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান।
























