নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতার মঞ্চ ব্যানারে শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বুধবার সন্ধ্যায় শহরের তারাগঞ্জ মাঠে আয়োজিত ওই সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে বলেন, যদি প্রয়োজন হয় নালিতাবাড়ী-নকলার সবকিছু অচল করে দেব। তবুও আগামী দিনে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নৌকা আমাদের, আর কারও নয়।
মুক্তিযোদ্ধা আব্দুল বারী তালুকদারের সভাপতিত্বে ওই গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকতার হোসাইন, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীম আরা, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মোকসেদ আলী বেগ, যুবনেতা আসাদুজ্জামান সোহেল, আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।























