শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী শহর বিএনপির সভাপতি ও শ্রীবরদী সরকারি কলেজের সাবেক ভিপি জামাল উদ্দিন (৫৭) আর নেই। ২৮ মার্চ বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় রাজধানী ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রাত ১০টায় শ্রীবরদী এপিপি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে গ্রামের বাড়িতে মরহুমের লাশ দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে শ্রীবরদীর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলাল গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জামাল উদ্দিন শ্রীবরদী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি, শ্রীবরদী শহর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীবরদী সরকারি কলেজের জিএস ও ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।























