স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ২৭ মার্চ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গণি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোকলেছুর রহমান আকন্দ।
পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল ও তৌহিদুর রহমান বিদ্যুৎ, কাউন্সিলর বাদশা মিয়া প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়া ও উপহার তুলে দেওয়া হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সুশীল সমাজের ব্যক্তিবর্গ বীরমুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।























