রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদীতে গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ শুক্রবার বিকালে উপজেলার শ্রীবরদী হতে ভায়াডাঙ্গা সড়কের পাশে বকচর কন্টিপাড়া এলাকায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বকচর কন্টিপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ওই প্রতিযোগিতায় স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে অর্ধশতাধিক সওয়ার ঘোড়া নিয়ে এতে অংশ গ্রহণ করে। ঘোড় দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন শ্রীবরদী পৌর সভার মেয়র আবু সাইদ।
আয়োজকরা জানান, এ গ্রামে দীর্ঘদিন যাবত বছরের এমন দিনে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার এলাকার লোকজনের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ফাইনাল প্রতিযোগিতা দেখতে স্থানীয় জনপ্রতিনিধিরাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার লোকের সমাগম ঘটে। পরে বিজয়ীসহ অংশ গ্রহণকারী ঘোড়ার সওয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।























