স্টাফ রিপোর্টার ॥ এলডিসি স্ট্যাটাস হতে বাংলাদেশের নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি, শ্বেত কপোত, বেলুন উড়ানোসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণ আজ জনগণের কঠোর পরিশ্রমের ফসল। অর্থনীতির অগ্রযাত্রা টেকসই করতে উন্নয়নের প্রক্রিয়ায় সবাইকে যুক্ত রাখার উপর জোর দিতে হবে। এছাড়া সুশাসন সহ যেসব চ্যালেঞ্জ আছে সেগুলোতেও সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। এতে করে ২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালে উন্নয়নশীল দেশে পর্দাপণ করবে সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। সেই সাথে দেশ এবং আমাদের জাতি হবে সুখী সম্মৃদ্ধি ও আত্মনির্ভরশীল।
র্যালিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ সম্পর্কে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিসি মাসুদ রানা।
























