স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে শেরপুরে তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু, তালাত মাহমুদ, মনিরুল ইসলাম লিটন প্রমুখ। ওইসময় সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন পর হঠাৎ জেলা প্রশাসনের ওই সভায় হাজির হয়ে মনিরুল ইসলাম লিটন নিজেকে প্রেসক্লাবের সভাপতি হিসেবে দাবি করে বক্তব্য দিতে গেলে সংগঠনের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন উপস্থিত অন্যান্য সাংবাদিকরা। এরপর চুপসে যান লিটন। এর আগে প্রায় এক বছর আগে জেলা প্রশাসনের অপর এক সভায় হাজির হয়ে একই দাবি করে তিনি বক্তব্য দিতে শুরু করলে সভায় উপস্থিত প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার তার তীব্র প্রতিবাদ জানানোর পরপরই তিনি চুপসে গিয়ে পিছু হটেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৬ মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র (সিডিপি) কাছ থেকে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন। তার হাত ধরে মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুকি সূচক (ইভিআই) এ ৩টি শর্ত পূরণ করে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাচ্ছে। মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে যেসব সূচক অর্জন করতে হয় তার সবই অর্জন করেছে বাংলাদেশ। দেশের এ অগ্রযাত্রা স্বাধীনতা পরবর্তী উন্নয়নে সর্বোচ্চ মাইল ফলক হিসেবে অভিহিত করা হয় প্রেস ব্রিফিংয়ে। এ সাফল্য উপলক্ষে সারাদেশের ন্যায় শেরপুরেও সকল সরকারি দপ্তরে সেবা সপ্তাহ পালনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
























