স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর তরুণ ব্যবসায়ী মাহবুবুল ইসলাম রাজু (২৬) হত্যার প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের দু’পাশে আয়োজিত ওই মানববন্ধনে অংশ নেন জেলার প্রায় অর্ধশত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ রাজুর এলাকার শত শত নারী-পুরুষ। ওইসময় শেরপুরের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি মানববন্ধনস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি আস্থা জানিয়ে স্মারকলিপি গ্রহণ করেন। সেইসাথে তিনি রাজু হত্যায় পলাতক থাকা মূল আসামীসহ অন্যান্যদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দৃঢ় সংকল্প ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে আবেগতাড়িত কণ্ঠে বক্তব্য দিয়ে রাজু হত্যার বিচার নিশ্চিত করার দায়ভার সকলের উপর অর্পণ করেন নিহত রাজুর বড়ভাই এডভোকেট আব্দুল মান্নান। ওইসময় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি সহকারী অধ্যাপক তপন সারওয়ার, জেলা কলেজ শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শওকত হোসেন,

পাতাবাহারের সভাপতি আনিসুর রহমান, রাজনীতিক এডভোকেট আল ফারুক ডিউন, শিক্ষক এমদাদুল হক, শম্পা আক্তার, প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, জেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, চেম্বারের সাবেক পরিচালক রাজু সরকার, শিক্ষার্থী পঞ্চমী দেব রুমা, শাহরিয়ার সৌরভ প্রমুখ। পরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের কাছেও পৃথক স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রাতে শহরের শেখহাটি মহল্লার তরুণ ব্যবসায়ী রাজুকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে শহরের দিঘারপাড় মহল্লার বলবল বাজারের পাশে একটি ধানক্ষেত থেকে রাজুর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাজুর ভাই এডভোকেট আব্দুল মান্নান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনসহ স্বনামে ৪ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এ পর্যন্ত এজাহারনামীয় ২ জনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

























