মোহাম্মদ জুবায়ের রহমান, শেরপুর ॥ এবার বাংলাদেশের কনিষ্ঠতম বার সভাপতি হলেন শেরপুরের আইনজীবী রফিকুল ইসলাম আধার। তিনি ২২ ফেব্রুয়ারি মাত্র সাড়ে ৪৬ বছর বয়সে শেরপুর জেলা আইনজীবী সমিতির সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হয়ে ওই রেকর্ড গড়েন।
জানা যায়, ১৯৭১ সালের ২৩ সেপ্টেম্বর শেরপুর শহরের দমদমা মহল্লায় মোহাম্মদ আলী মাস্টার ও রোকেয়া বেগম দম্পতির ঘরে জন্ম নেওয়া জ্যেষ্ঠ সন্তান রফিকুল ইসলাম আধার ১৯৮৭ সালে এসএসসি ও পরবর্তীতে অন্যান্য ধাপ পেরিয়ে ২০০০ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। ওই বছরই তিনি শেরপুর বারে যোগ দিয়ে আইনপেশা শুরু করেন। যোগদানের বছর থেকে শুরু করে পেশাগত জীবনের ১৮ বছরে তিনি ১৪টি নির্বাচনে অংশ নিয়ে ১২টিতেই নির্বাচিত হন। এর মধ্যে একবার সাধারণ সম্পাদক পদে ১ ভোটের ব্যবধানে ও একবার সহ-সাধারণ সম্পাদক পদে ২ ভোটে পরাজিত হলেও ২০১২ ও ২০১৪’র নির্বাচনে বিপুল ভোটাধিক্যে দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক এবং বিভিন্ন মেয়াদে নির্বাহী সদস্য, অডিটর, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি নির্বাচিত হন। এবার প্রথমবারের মতো আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সভাপতি প্রার্থী মনোনীত হলে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মনোনীত হন ৪ বারের সাবেক সভাপতি ও ৭ বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম। কিন্তু রফিকুল ইসলাম আধারের সুসংহত অবস্থানের কারণে সেই হেভিওয়েট প্রার্থী সরে দাঁড়ালে বেকায়দায় পরে ঐক্য পরিষদ। ওই অবস্থায় দ্বিতীয় দফায় সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, তৃতীয় দফায় সাবেক সহ-সভাপতি এডভোকেট মোখলেসুর রহমান জীবনকেও পরিবর্তন করে চতুর্থ দফায় সভাপতি প্রার্থী করা হয় বিদায়ী সহ-সভাপতি এডভোকেট মিজানুর রহমানকে। এটি যেমন বার নির্বাচনের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা, ঠিত তেমনি দফায় দফায় সভাপতি পদে প্রার্থী পরিবর্তনের ধকল কাটিয়ে উঠতে পারেনি ঐক্য পরিষদ। যে কারণে রেকর্ড ভোটে সভাপতি নির্বাচিত হন সমন্বয় পরিষদের এডভোকেট রফিকুল ইসলাম আধার। তার প্রাপ্ত ভোট ১৩২। আর প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এডভোকেট মিজানুর রহমান পেয়েছেন ৪১ ভোট। এটি শেরপুরসহ সারাদেশের জেলা বারের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। কেবল তাই নয়, মাত্র সাড়ে ৪৬ বছর বয়সের কারণে তিনিই দেশের কনিষ্ঠতম সভাপতি হয়েছেন- এমনটিই ধারণা সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রসহ আইনজীবী নেতাদের। এছাড়া ২০১২ সালে লোকাল বার নির্বাচনের ইতিহাসে তিনি ছিলেন দেশের কনিষ্ঠতম সাধারণ সম্পাদক। এসব নির্বাচনের ইতিহাসে প্রথমবারেই সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার রেকর্ড খুব একটা না থাকলেও তার ক্ষেত্রে সেটাও সম্ভব হয়েছে। আরেকটি অনন্য রেকর্ড তার ক্ষেত্রে যেটি রয়েছে, তা হচ্ছে তিনি ২০১৪ সালে বারের সাধারণ সম্পাদক থাকাকালীন শেরপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে দ্বিতীয় দফায়ও সভাপতি নির্বাচিত হন এবং তা চলমান থাকাবস্থায় এবার বারের সভাপতি হলেন তিনি। অর্থাৎ বর্তমানে তিনি একাধারে শেরপুর প্রেসক্লাব ও জেলা বারের সভাপতি।
আইনজীবী নেতা, সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, কেবল নির্বাচনের সময়কালেই নয়, সবসময় আইনজীবীদের সাথে সৌহার্দ্যপূর্ণ গণমুখী সম্পর্ক বজায় রেখে চলাফেরাসহ সমস্যা-সম্ভাবনায় নিজেকে সম্পৃক্ত রাখার কারণেই রফিকুল ইসলাম আধার তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। যে কারণে এ অঙ্গণে তার পরাজয়ের অভিজ্ঞতাটাও ন্যূনতম। তাদের মতে, বার নির্বাচনগুলোতে সভাপতি পদে প্রায় ৩০/৪০ বছর এবং সাধারণ সম্পাদক পদে প্রায় ২০/৩০ বছর পেশাগত অবস্থান যেখানে বিবেচনায় স্থান পায়, সেক্ষেত্রে তার বেলায় ১২ বছরের পেশাগত জীবনে সাধারণ সম্পাদক ও ১৮ বছরের পেশাগত জীবনে বারের সভাপতির মতো একটি মর্যাদাসম্পন্ন পদে আসীন হওয়া সম্ভব হয়েছে। এটি সবার সাথে তার নিবির সম্পর্ক এবং তার প্রতি সবার ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ বলেই অভিমত তাদের। এছাড়া প্রখ্যাত আইনজীবী এডভোকেট মোঃ আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর চেয়ারম্যান প্রয়াত এডভোকেট আব্দুস ছামাদ, জেলা বিএনপির তৎকালীন সভাপতি প্রয়াত এডভোকেট মোঃ হাবিবুর রহমান ও প্রয়াত এডভোকেট একেএম ছাইফুল ইসলাম কালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল ও সর্বাধিক নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের মত ডাক সাইটের সিনিয়র আইনজীবী নেতাদের কাতারে কনিষ্ঠ সভাপতি হিসেবে রফিকুল ইসলাম আধারের নাম অর্ন্তভূক্তির বিষয়টি তার ক্ষেত্রে বিশাল ও অতুলনীয় প্রাপ্তি তথা মর্যাদাকর বৈকী।
অন্যদিকে তিনি প্রায় ৩০ বছর যাবত আওয়ামী আদর্শের রাজনীতির সাথে জড়িত এবং বর্তমানে দ্বিতীয় দফায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। একই সময় ধরে তিনি সক্রিয় ও সাহসী সাংবাদিকতার সাথে জড়িত। তিনি জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক এবং শেরপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক দশকাহনীয়া’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি জাতীয় ‘দৈনিক জনকণ্ঠ’ ও ‘বাংলাদেশ বেতার’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। স্থানীয় শিক্ষা, সামাজিক, ক্রীড়া-সাংস্কৃতিক অঙ্গণেও তিনি একজন সংগঠক। সাহিত্য অঙ্গণের সাথে জড়িত থাকার সুবাদে তিনি বর্তমানে কবি সংঘ’র কার্যকরী সভাপতি। এলাকায় বাবার নামে গড়েছেন এম.এ পাবলিক স্কুল। এটির প্রতিষ্ঠাতা পাশাপাশি পরিচালনা পরিষদের চেয়ারম্যানও তিনি। এছাড়া স্থানীয় উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠনের গোড়াপত্তন ও পৃষ্ঠপোষকতার সাথে তার রয়েছে সম্পৃক্ততা। একজন সু-বক্তা, আবৃত্তিকারের পাশাপাশি এলাকাসহ সব অঙ্গণেই রয়েছে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা। ত্যাগ, অভিজ্ঞতা ও অবস্থানের তুলনায় রাজনৈতিক অঙ্গণে তার যথাযথ মূল্যায়ন না হলেও একজন জনপ্রতিনিধি হওয়ার সুপ্ত আকাঙ্খাও রয়েছে তার ভেতর। যে কারণে এবার তার ‘ইনডোর থেকে আউটডোর’ এ যাত্রার প্রত্যাশা করছেন অনেকেই।























