স্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে ৭ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শহরের ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বই মেলা উদ্বোধন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি, রচনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিসি মাসুদ রানা।
আগামী ২৭ ফেব্রুয়ারি মেলার সমাপনী দিনে সেরা স্টল ও অংশগ্রহনকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
























