শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ওইঅনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। তিনি সভার সমাপনী বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিক তুলে ধরে বলেন, মেলায় অংশ গ্রহণকারী স্টলদের মধ্যে প্রতিযোগিতা হবে। এখানকার বিজয়ীরা যাবে জেলা পর্যায়ে। পরে সেখান থেকে বিজয়ীদের নেয়া হবে বিভাগীয় পর্যায়ে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রহুল আলম তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গির আলম, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য কোহিনুর বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা খলিলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমূখ। আলোচনা সভার আগে প্রদর্শনী মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এবার মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩টি স্টল বসে। মেলায় ছাত্র-ছাত্রীদের সমাগম ঘটে চোখে পড়ার মতো।
























