স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ১৫০ বছরপূর্তি জাঁকজমকপূর্ণভাবে উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানমালা গ্রহণ করেছে শেরপুর পৌরসভা। ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্ণাঢ্য র্যালি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সম্মাণনা প্রদান, নান্দনিকতা, শহরের সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কর্মসূচি এসব অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত রয়েছে। এ বছরের মাঝামাঝি অনুষ্ঠানমালা শুরু হয়ে চলবে ২০১৯ সালের মাঝামাঝি পর্যন্ত।
শেরপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। পৌর পরিষদের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি, সাবেক পৌরপতি, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকবৃন্দ, সংস্কৃতি কর্মী, সাংবাদিক ও সুধীবৃন্দ এতে অংশগ্রহণে করেন। সভায় জাঁকজমকপূর্ণভাবে পৌরসভার ১৫০ বছর পূতি উদযাপনের বছরব্যাপী কর্মসূচি গ্রহণের লক্ষ্যে পৌর মেয়রকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি এবং ১০টি উপ-কমিটি গঠন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা এ উপলক্ষে এমন কোন স্থাপনা নির্মাণ করার প্রস্তাব করে যা নাগরিকদের কাজে লাগার পাশাপাশি ১৫০ বছর পূর্তির স্মারক হিসেবে বিবেচিত হবে।
ওই প্রস্ততি সভায় অন্যান্যের মাঝে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম রিয়াজুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেদুয়ানুল হক দীপু, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, সদর থানা আ’লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আ’লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত বক্তব্য রাখেন। এছাড়াও জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক হারুন অর-রশীদ, রবীন্দ্র সংগীত শিল্পী সঞ্চিতা হোড় দিপু, লেডিস ক্লাব সাধারণ সম্পাদক আঞ্জুমান আলম লিপি, সাংবাদিক হাকিম বাবুল, প্যানেল চেয়ারম্যান আতিউর রহমান মিতুল প্রমুখ বক্তব্য রাখেন।
























