স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে অনেক জল্পনা-কল্পনা ও নাটকীয়তার পর বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের তৃতীয় দফায় পরিবর্তিত সভাপতি প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সাবেক সহ-সভাপতি এডভোকেট মোখলেসুর রহমান জীবন। ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ২ নং বার ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সভায় ওই প্রার্থিতা ঘোষণা করা হয়। এর আগে ৩০ জানুয়ারি ঐক্য পরিষদের এক সভায় সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। খুব শীঘ্রই ঐক্য পরিষদের সভায় ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য পদের প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সিনিয়র আইনজীবী মোঃ সাইফুল আমীন, সাবেক সহ-সভাপতি এডভোকেট আবু জার গাফফারী, ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান, এডভোকেট আব্দুল খালেক, এডভোকেট আক্কাছ আলী, এডভোকেট মোখলেসুর রহমান জীবন, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এডভোকেট আবু হেনা খন্দকার মমতাজুল করিম, এডভোকেট ছামিউল ইসলাম আতাহার, এডভোকেট মুন্সী মোঃ মহসিন, এডভোকেট মজিবর রহমান দুলাল প্রমুখ।
সভাপতি পদে তৃতীয় দফায় পরিবর্তিত প্রার্থী প্রসঙ্গে ঐক্য পরিষদ সূত্র জানায়, এডভোকেট জীবন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিরও একজন সদস্য। তিনি শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাবেক সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করলেও পরবর্তীতে জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সভাপতিসহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছাত্র জীবন থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত এবং একজন ভাল উপস্থাপক হিসেবেও তার পরিচিতি রয়েছে।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওই নির্বাচনে ৩০ জানুয়ারি ঐক্য পরিষদের এক সভায় সভাপতি পদে সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। পরবর্তীতে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে ১ ফেব্রুয়ারি ঐক্য পরিষদের অপর এক সভায় পরিবর্তিত প্রার্থী করা হয় সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদকে। কিন্তু দলীয় হাইকমান্ডের রোষানলে তিনিও প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে সভাপতি প্রার্থী নিয়ে সংকটে পড়ে ঐক্য পরিষদ। ওই অবস্থায় টানা ৩ দিনের প্রচেষ্টায় আয়োজিত সভায় সভাপতি পদে তৃতীয় দফায় পরিবর্তিত চূড়ান্ত প্রার্থী করা হয় এডভোকেট মোখলেসুর রহমান জীবনকে।
























