স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে সৃষ্ট বিতর্কের জের ধরে এবার পাল্টা সংবাদ সম্মেলন হয়েছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শহরের খরমপুর খাদ্যগুদাম মোড় এলাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
ওইসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ জানুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শেরপুর জেলা ছাত্রলীগের একটি কমিটি অনুমোদন দেয়। ওই কমিটিতে রাজীবসহ কয়েকজন ছাত্রদল কর্মীকে স্থান দেয়া হয়েছে। আর মতিউর রহমান মতিন নামে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কুৎসা রটনা করে স্ট্যাটাস দিয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। দলের কর্ণধাররা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে ওই কমিটির অনুমোদন নিয়েছিল। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাদের ওইরূপ আচরণের কারণেই জেলা আওয়ামী লীগের সাবেক নেতাদের মধ্যে কেউ ক্ষোভে-দুঃখে দল না করার ঘোষণা দিয়েছেন এবং বেশ কয়েকজন ত্যাগী নেতা কমিটিতে স্থান পাননি। অন্যদিকে উদ্ভূত অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নবগঠিত জেলা কমিটি স্থগিত করে তদন্ত কমিটি করে দেওয়ায় ইতোমধ্যে তদন্ত কমিটি সরেজমিনে এসে বাস্তব অবস্থা সম্পর্কে জেনেছে। অথচ ওই বিতর্কিত কমিটিকে বহাল রাখতে দলের একটি মহল উঠে-পড়ে লেগেছে। এজন্য তিনি নবগঠিত কমিটি বাতিল করে প্রকৃত আওয়ামী লীগ পরিবারের ও ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে একটি স্বচ্ছ-ক্লিন ইমেজের কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-সম্পাদক কৃষিবিদ আল ফারুক ডিউন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাপস কুমার সাহা, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও আব্দুল মতিন প্রমুখ।























