স্টাফ রিপোর্টার॥ শেরপুরের নালিতাবাড়ীতে নবনির্মিত বেগম রওশন-ডাঃ আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। ৩ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের প্রত্যন্ত পল্লী নিজপাড়া এলাকায় নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করে ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘বিদ্যালয়বিহীন এলাকায় ১৫শ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ’ প্রকল্পের আওতায় ৬৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ওই প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করা হয়। স্থানীয় জমিদাতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের পরিবার এজন্য ৫০ শতক জমি দান করেন।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান বক্তা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জমিদাতা বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীদ্বয়কে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে মঞ্চে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অতিথিবৃন্দকে শাল চাদর উপহার প্রদান করেন মঞ্জুরুল আহসান বুলবুল। ওইসময় শিক্ষার্থীদের মাঝেও পোষাক, প্রসাধনী ও পড়াশোনার সামগ্রী এবং খেলাধূলার সরঞ্জাম উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে নবনির্মিত বিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থীর হাতে জমিদাতার পরিবারের পক্ষ থেকে স্কুলব্যাগ, খেলাধুলার জন্য ফুটবল ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।








