স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ২৪৬ পিস ইয়াবাসহ মিজানুর রহমান ওরফে মেলো (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের অভিযানিক দল। ২৯ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার তাতিহাটী ইউনিয়নের পোড়াগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেলো স্থানীয় আহালক খানের ছেলে।
জানা যায়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) রাজীব কুমার দেবের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল সোমবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার তাতিহাটী ইউনিয়নের পোড়াগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ২৪৬ পিস ইয়াবাসহ মিজানুর রহমান ওরফে মেলোকে হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৭৪ হাজার টাকা। পরে অভিযোগসহ তাকে শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
























