স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অসহায়, দুঃস্থ রোগী, অসচ্ছল প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ফান্ড থেকে এককালীন অনুদানের অর্থ, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ১১৪ জন অসহায় প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর হাতে ওইসব সহায়তা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এ উপলক্ষে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ অদু, প্রকাশ দত্ত, এডভোকেট রফিকুল ইসলাম আধার, নাসরিন রহমান ও কোহিনুর বেগম বিদ্যুৎ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।
ওইসময় সহায়তা বাবদ ৫ জনকে ৫ হাজার টাকা হারে ২৫ হাজার টাকা, ২ জনকে ৪ হাজার টাকা হারে ৮ হাজার টাকা, ১৮ জনকে ৩ হাজার টাকা হারে ৫৪ হাজার টাকা ও ৮৫ জনকে ২ হাজার টাকা হারে ১ লক্ষ ৭০ হাজার টাকা, ২টি সেলাই মেশিন ও ২টি হুইল চেয়ারসহ মোট ২ লক্ষ ৮১ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্দ হাবিবুর রহমানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
























