স্টাফ রিপোর্টার ॥ অনেক জল্পনা-কল্পনা ও নাটকীয়তার পর অবশেষে শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব মনোনীত হয়েছেন। ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ২ নং বার ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সভায় ওই প্রার্থিতা ঘোষণা করা হয়। ঐক্য পরিষদের পরবর্তী সভায় ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য পদের প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ,সাবেক সহ-সভাপতি এডভোকেট আবু জার গাফফারী, ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান, এডভোকেট জাহিদুল হক আধার, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট মোখলেসুর রহমান জীবন, এডভোকেট আবু হেনা খন্দকার মমতাজুল করিম, এডভোকেট মুন্সী মোঃ মহসিন, এডভোকেট মজিবর রহমান দুলাল, এডভোকেট নুরে আলম সিদ্দিকী হিরা, এডভোকেট ইয়াসমিন প্রমুখ। সভা পরিচালনা করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।
জানা যায়, সভাপতি পদে এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট মোঃ আনিসুজ্জামান ও এডভোকেট মোখলেসুর রহমান জীবন এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এডভোকেট মুন্সী মোঃ মহসিন ও এডভোকেট ছামিউল ইসলাম আতাহার মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এর আগে ২৫ জানুয়ারি রাতে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে দু’দফায় নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার এবং সাধারণ সম্পাদক পদে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্নাকে মনোনীত করা হয়।
উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
























