স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রথম আলো ট্রাষ্টের উদ্যোগে ২৭ জানুয়ারি শনিবার দুস্থ শীতার্ত মানুষের মধ্যে ১শ কম্বল বিতরণ করা হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে সংঘটিত ‘সূর্যদী গণহত্যার’ শিকার ৩৯ জন শহীদ পরিবারসহ উপজেলার বিভিন্ন গ্রামের ১শ জনকে ওইসব কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার সদস্যরা।
শনিবার দুপুরে সদর উপজেলার সূর্যদী বানিয়াপাড়া গ্রামে শহীদ আইজউদ্দিন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ‘সূর্যদী গণহত্যার’ শিকার ৩৯ জন শহীদ পরিবারের ৪০ জন সদস্যের হাতে কম্বল তুলে দেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রজন্ম একাত্তরের কেন্দ্রীয় কমিটির সভাপতিআজিজুর রহমান।
ওই সময় আজিজুর রহমান বলেন, প্রথম আলো শুধুমাত্র একটি সংবাদপত্রই নয়-এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও বটে। প্রতিষ্ঠানটি তার সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র নিয়ে সূর্যদী গণহত্যার শিকার শহীদ পরিবারের দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এটি খুবই প্রশংসনীয়। ভবিষ্যতেও তাঁদের এ কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
কম্বল পেয়ে গণহত্যার শিকার শহীদ আব্দুল জব্বারের বিধবা স্ত্রী চন্দ্রমালা (৭০) বলেন, ‘শীতে কষ্ট পাইলেও আমগরে কেউ কম্বল দেয় নাই। আপনারাই আমগরে প্রথম কম্বল দিলেন। আইজকা যেই শীত পড়ছে এই কম্বলে একটু হইলেও আমগরে কষ্ট কমবো।’
শহীদ শাহাবাজের স্ত্রী উমেছা বেওয়া (৭৫) বলেন, ‘একটা কম্বলের লাইগ্যা অনেকরে বলছি। কিন্তু দেয় নাই। আপনেরাই আমগরে দিলেন। এই জন্য আপনেগরে দোয়া করি।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সমবায় সমিতির মহাসচিব মো. নূরুল ইসলাম, সদস্য তপন পোদ্দার, মুক্তিযোদ্ধা গবেষণা কর্মী তৈয়বুন্নেছা, কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাসমত আলী ও ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. মানিক মিয়া, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম সাইফ ও সাধারণ সম্পাদক মাশুকুর রহমান মিশুকসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শেরপুর সদরের নামাশেরিরচর, খরমপুর, নারায়ণপুর ও গোপালবাড়ী গ্রামের ৬০ জন দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
























