শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বেকারত্ব দূরীকরণ ও বেকারদের কর্মমূখী করে গড়ে তোলার লক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলায় ন্যাশনাল সার্ভিসের আওতায় সুবিধাভোগিদের ৩ মাসের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২২ জানুয়ারি সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের এমএনবি সরকারি বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওই প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ওইসময় তিনি বলেন, উপজেলায় ৪ হাজার ৩শ ৮৫জন বেকার যুবক-যুবতী কাজের সুযোগ পেয়েছে। তারা মৌলিক প্রশিক্ষণ পাবে। ওই প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের জীবনকে বদলে দিতে পারবে। এটা বর্তমান সরকার আমলে শ্রীবরদীর জন্যে বড় অর্জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমূল হাছান, উপজেলা মাধ্যমিক অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান। ওই সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ন্যাশনাল সার্ভিসের সুবিধাভোগিরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলায় ৪ হাজার ৩শ ৮৫ জন বেকার যুবক ও যুবতীকে ন্যাশনাল সার্ভিসের আওতায় নেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করবে এক হাজার যুবক-যুবতী। পরবর্তীতে ধাপে ধাপে সবাই প্রশিক্ষণের সুযোগ পাবে।
























