স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাঃ আবু সাদাত মফিদুল ইসলাম নামে এক চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। ২১ জানুয়ারি রবিবার বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে বহিরাগত ২ যুবকের হাতে ওই লাঞ্ছিতকরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সোমবার রুকন ও মিলন নামে স্থানীয় ২ প্রভাবশালী যুবকের নামে থানায় মামলা দায়ের হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। অন্যদিকে ওই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা ও সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান।
জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্থানীয় নলকুড়া ইউনিয়নের কুশাইকুড়া গ্রামের কাঞ্চনমালা (৩৫) নামে এক বিষ খাওয়া রোগীকে নিয়ে যায় তার স্বজনরা। তার প্রাথমিক চিকিৎসা দেন জরুরি বিভাগে কর্তব্যরত ডাঃ মফিদুল ইসলাম। কিন্তু কীটনাশক পান করা ওই মহিলার অবস্থা গুরুতর হওয়ায় তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। রেফার করার ওই খবর শুনে আধা ঘন্টার মধ্যে হাসপাতালে ছুটে যান মিলন ও রুকন নামে স্থানীয় ২ প্রভাবশালী যুবক। তারা চিকিৎসক মফিদুলের সাথে বাদানুবাদের এক পর্যায়ে তার কলার ধরে টানা-হেঁচড়া ও কিল-ঘুষি মেরে তাকে লাঞ্ছিত করেন। ওইসময় মহিলা রোগীর লোকজন নীরব থাকলেও ঘটনা থামানোর চেষ্টা করেন উপস্থিত স্থানীয় এক সংবাদকর্মীসহ হাসপাতালের স্টাফরা। পরে বিষয়টি স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করা হয়। খবর পেয়ে থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু একদিন পরও ঘটনার বিষয়ে সুরাহা না হওয়ায় সোমবার ওই চিকিৎসক বাদী হয়ে হামলাকারী ২ যুবকের বিরুদ্ধে কর্তব্যকাজে বাঁধা ও অ্যাসল্টের অভিযোগে ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনও গ্রেফতার হয়নি ২ যুবকের কেউ।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদির মিয়া সোমবার সন্ধ্যায় জানান, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
























