স্টাফ রিপোর্টার ॥ ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২২ জানুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শাহজাদা ভূইয়া জানান, প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা পর্যায়ে ২৩ জানুয়ারি সকালে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে প্রাণীসম্পদ বিষয়ক প্রদর্শনী স্টল উদ্বোধন ও শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকায় নবপ্রতিষ্ঠিত কালেক্টরেট ইনোভেটিভ স্কুল এবং সাতানিপাড়াস্থ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচী, ২৪ জানুয়ারি সকালে ভাতশালা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান কর্মসূচীসহ ২৫ জানুয়ারি দুপুরে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে সমাপণী অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
























