স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আলহাজ্ব এডভোকেট একেএম ছাইফুল ইসলাম কালামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় এডভোকেট কালাম ফাউন্ডেশনের উদ্যোগে শহরের খরমপুরস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান বক্তা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ফাউন্ডেশনের সভাপতি ম. শফিউল আলম চানের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সংগঠক, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান, সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, বিএনপি নেতা ফজলুল হক লাভলু, এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান, শহীদুল ইসলাম ভিপি, এমদাদুল হক মাস্টার, প্রয়াত কালামের পুত্র প্রভাষক মামুনুর রশিদ পলাশ প্রমুখ। স্মরণসভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শওকত হোসেন। স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে তারা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এর আগে সকাল ১০টায় ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুরস্থ মরহুমের কবর জিয়ারত, ১১টায় শহরের খরমপুর নতুনবাজারস্থ খতমে কোরান, বিকেল ৪টায় শহরে শোকর্যালি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিশিষ্ট সংগঠক ছাইফুল ইসলাম কালাম হার্ট ও ফুসফুসজনিত সমস্যায় দীর্ঘ ১৮ দিন ঢাকার একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২০১৩ সালের ১৬ জানুয়ারি মারা যান।
























