স্টাফ রিপোর্টার ॥ পর্দা উঠলো ১ম বাংলাদেশ যুব গেমস্ (অনূর্ধ্ব ১৭) এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার। ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুর ভেন্যুতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের ছেলেদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, শেরপুরের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি, ময়মনসিংহ-২৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল অনিরুদ্ধ সাহা ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ফুটবল পরিষদের সভাপতি মানিক দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সফরকারী ময়মনসিংহ জেলাকে ২-১ গোলে হারায় স্বাগতিক শেরপুর জেলা।

























