স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্মৃতি বিভাগীয় টেনিস টুর্নামেন্ট-২০১৭ এর চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন টেনিস ক্লাবে ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলের খেলোয়াড়দের মাঝে ওই চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩৫ উর্ধ্ব বয়স গ্রুপে ময়মনসিংহ জেলার সাইফ-রুনু জুটি ২-০ সেটে (৬-১, ৬-২) শেরপুরের পাপ্পু-মিলন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৪৫ উর্ধ্ব বয়স গ্রুপে নেত্রকোনা জেলার তাজুদ্দিন সেন্টু-খানে আলম খান জুটি ৩-১ সেটে (৩-৬, ৬-৩, ৬-৫) শেরপুরের ডা. মান্নান-সুব্রত ভানু জুটিকে পারজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, ৫৫ উর্ধ্ব বয়সী গ্রুপে জামালপুর জেলার বিয়াজুল-ডা. মান্নান জুটি ২-০ সেটে (৬-২, ৬-৩) ময়মনসিংহ জেলার আনোয়ার-জামিল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন। শেরপুর টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, শেরপুরের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গণি, ময়মনসিংহ ২৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল অনিরুদ্ধ সাহা ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। জেলা বিএমএ সভাপতি এমএ বারেক তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

























