স্টাফ রিপোর্টার: : শেরপুরে পুলিশ ধরে ছাড়ার পর বিশজিৎ সরকার নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় নালিতাবাড়ী থানার ওসি এ.কে.এম ফসিহুর রহমান, ২ উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান ও সুমন মিয়াসহ ১২ জনকে আসামী করে আদালতে একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস পর ১১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী আমলী আদালতে নিহতের ভাই নিত্যানন্দ সরকার সুব্রত বাদী হয়ে ওই মামলাটি দায়ের করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদার মামলাটি আমলে নিয়ে পিবিআই ময়মনসিংহকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) আগামী ২৮ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার কমিশন, ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু আদালতে নালিতাবাড়ী থানার ওসি, এসআইসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পিবিআই ময়মনসিংহকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১ অক্টোবর রাত ৭টার দিকে পুলিশ নালিতাবাড়ী শহরের কাচারি পাড়া এলাকার কাঠমিস্ত্রী বিশ^জিৎ সরকারকে (২০) গাজা রাখার অভিযোগে আটকের পর পুলিশ থানায় নিয়ে যায়। পরে ওই রাত ১০টার দিকে তাকে দুলাভাইর জিম্মায় থানা হাজত থেকে ছেড়ে দেওয়ার পর রাত ১টার দিকে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের পিটুনীতে হত্যার দাবী করে পরদিন তার লাশ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে। ওই সময় পুলিশের নালিতাবাড়ী সার্কেলের অফিস কক্ষে ইটপাটকেলের আঘাতে ভাংচুরের ঘটনাও ঘটে।
























