স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেতমারী-ঘুঘরাকান্দি, বলায়েরচর, চরপক্ষীমারী, কামারের চর ও চরমোচারিয়া ইউনিয়নের ৫শ হতদরিদ্র মানুষের প্রত্যেককে ২০ কেজি করে চাল ৫ কেজি মসুর ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি ও লবনসহ ৩০ কেজি করে খাদ্য সামগ্রী দিয়েছে তুরস্কের প্রধানমন্ত্রীর আওতাধীন তুর্কি দিয়ানেট ফাউন্ডেশন। ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র সেতু এলাকায় আনুষ্ঠানিকভাবে হতদরিদ্র মানুষদের হাতে ওই খাদ্যসামগ্রী তুলে দেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
ওইসময় দিয়ানেট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইব্রাহীম কার্লোস কামিলো, আলোকিত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইফতেখার হোসেন মাসুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চরপক্ষীমারী ইউপির সাবেক চেয়ারম্যান আকবর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























