ads

মঙ্গলবার , ২ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এতিমদের প্রতি একজন জেলা প্রশাসকের ভালোবাসা

খবর টি পড়েছেন : ২৩২
এতিমদের প্রতি একজন জেলা প্রশাসকের ভালোবাসা
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

‘ভালোবাসা’- মানুষের আবেগিক অনভূতির এক অনন্ত বহিঃপ্রকাশ। ওই ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকার ক্ষেত্রেই নয়, তা হতে পারে সন্তানের প্রতি পিতা-মাতার, পিতা-মাতার প্রতি সন্তানের, অনাথ-এতিম অসহায়দের প্রতি সমাজপতি বা দায়িত্বশীল কর্ণধারদের। স্থান-কাল অবস্থাভেদে সেই পরম ভালোবাসার একটু পরশ- সহানুভূতি, বদলে দিতে পারে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে। কিন্তু বাস্তবতা খুবই রূঢ়। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, অসহায়দের প্রতি বিত্তবান-দায়িত্বশীলদের যে ভালোবাসা বা সহানুভূতি আবর্তিত হওয়ার কথা- আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় তার ব্যত্যয় লক্ষ্যণীয়। তারপরও কোন কোন ব্যক্তি বা দায়িত্বশীলের ভালোবাসার পরশ সুন্দর সমাজ বিনির্মাণে আমাদেরকে উৎসাহ যোগায়। তাদের ভূমিকা সমাজে আবর্তিত হয় উদ্দীপনার উৎস হয়ে। আর সেটা যদি হয় সরকারি কোন কর্মকর্তা বা প্রশাসনের কোন কর্তা ব্যক্তির তাহলে সেটা সমাজে আরও বিশেষ প্রভাব ফেলে বৈকী। এমনই এক ভালোবাসার পরশ দিয়ে খোদ ১শ এতিমকে আনন্দে উদ্বেলিত করে তুলেছেন আমাদের শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
ইংরেজি নববর্ষের প্রথম দিন সোমবার সন্ধ্যায় তিনি শহরের চাপাতলীস্থ শিশু পরিবার (বালিকা) প্রতিষ্ঠানে যান এতিম শিশুদের নববর্ষের শুভেচ্ছা জানাতে। ওইসময় তিনি শিশুদের জন্য কিছু খাবারও নিয়ে যান। শুভেচ্ছা পর্বের এক পর্যায়ে তিনি জানতে পারেন সেদিন জেএসসিতে জিপিএ-৪.৫ পাওয়া শিশু পরিবারের সদস্য রানুর জন্মদিন। তাৎক্ষণিকভাবে তিনি রানুর জন্য একটি কেক আনিয়ে সবাইকে নিয়ে কেক কেটে রানুর জন্মদিন পালনের ব্যবস্থা করেন। ওইসময় তিনি কেক কাটার পাশাপাশি রানুর হাতে উপহারও তুলে দেন। এক পর্যায়ে উপস্থিত সকল শিশু জেলা প্রশাসকের কাছে বায়না ধরে বসলে তিনি সবার মুখে নিজ হাতে কেক তুলে দেন। রানুর জন্য হঠাৎ জেলা প্রশাসকের এমন স্নেহ আর ভালবাসার রেশ ধরে পরিবারের ১শ শিশু তার হাতে কেক খেতে পেরে আনন্দে উদ্বেলিত হয়ে উঠে। সেই আনন্দের ঢেউ লাগে সেখানে উপস্থিত থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বেলাল হোসেনসহ অন্যান্যদের মাঝেও।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন তার ফেইসবুক আইডিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, পেশাগত কাজের মাঝে এ জীবনে অনেক আনন্দ পেয়েছি। কিন্তু আজকের এই আনন্দ সব আনন্দকে হার মানিয়েছে।
বেশিদিন আগের কথা নয়, মাত্র বছরখানেক আগে খুলনার পরিবেশ অধিদপ্তরের পরিচালকের চেয়ার থেকে বদলি হয়ে জেলা প্রশাসক হিসেবে শেরপুরে যোগদান করেন ড. মল্লিক আনোয়ার হোসেন। এরপর থেকেই অবিরাম পথচলা। কাজ করে যাচ্ছেন সবার সহযোগিতা আদায়ে। শ্যামলবাংলা২৪ডটকম’র পর্যবেক্ষণে পাওয়া তথ্যমতে তিনি জেলার শীর্ষ জনপ্রতিনিধি ও দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শে যানজটমুক্ত সবুজায়ন শহর গড়াসহ বাল্যবিবাহ, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত নান্দনিক শেরপুর গড়তে ‘পর্যটনের আনন্দে, তুলসীমালার সুগন্ধে’ এ চমৎকার শ্লোগানকে জেলা ব্র্যান্ডিং নির্ধারণ করে টেকসই উন্নয়নে কাজ করছেন কঠিন ব্যস্ততায় নিরন্তর। অভিজ্ঞতা আর রুচির সংমিশ্রণে উন্নয়ন-সম্ভাবনার চিন্তা-চেতনায় বিচরণ করছেন নিজ অফিস থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত। দ্রুত ব্রহ্মপুত্রের তীরে বিশাল অর্থনৈতিক জোন গড়ে তুলতে আর সীমান্তের গারো পাহাড়ে বন্যহাতির উপদ্রব নিরসনসহ শেরপুরে রেললাইন স্থাপনে চেষ্টা করছেন উচ্চ পর্যায়ে। শেরপুরে তার কর্মকালীন সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে করেছেন দু’দফায় ভিডিও কনফারেন্স।

Shamol Bangla Ads

পাহাড়ের নৈসর্গিক শোভায় গড়া গজনী অবকাশ ও মধুটিলা ইকোপার্ককে আরও দর্শনীয় করে গড়ে তুলতে অধঃস্তন কর্মকর্তাদের নিয়ে স্বয়ং উপস্থিত থেকে তদারকি করছেন বিভিন্ন উন্নয়ন কাজের। শিক্ষার হার নিয়ে অসামঞ্জস্যতা দূরীকরণে নিয়েছেন বিশেষ পদক্ষেপ। স্বাস্থ্য-চিকিৎসা ক্ষেত্রে বাড়িয়েছেন সেবার মান। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিসহ তার সেবা নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সাক্ষাতের জন্য নিজের অফিসের দ্বার রেখেছেন উন্মুক্ত। আধুনিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে গড়ে তুলেছেন ‘কালেক্টরেট ইনোভেটিভ স্কুল’-ইতোমধ্যে যার যাত্রা শুরু হয়েছে। প্রশাসনসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত বিভাগের কার্যক্রমে নিয়ে এসেছেন গতিশীলতা। কালেক্টরেট ভবন আর সরকারি বাসভবন নতুনভাবে সাজিয়েছেন নান্দনিক বৈচিত্র্যে। প্রশাসনের একজন কর্ণধার হয়েও তিনি ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন একজন জনবান্ধব প্রশাসক হিসেবে। সর্বোপরি রাত দিন কর্মযজ্ঞে মেতে থেকে শেরপুরকে সাজানোর চেষ্টা করছেন নিজের আন্তরিকতা, সদিচ্ছা ও ভালোবাসার ছোঁয়ায়। সকলের সহযোগিতায় তার ঐকান্তিক ভালোবাসায় গড়ে উঠুক নান্দনিক শেরপুর- এ প্রত্যাশা আমাদেরও।
-রফিকুল ইসলাম আধার, সম্পাদক, শ্যামলবাংলা২৪ডটকম, সভাপতি, শেরপুর প্রেসক্লাব, ই-মেইল-press.adhar@gmail.com.

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিভাগীয় টেনিস টুর্ণামেন্ট উদ্বোধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads