স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকালে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রাঙ্গণে ওই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে বক্তব্য দেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
পরে হুইপ আতিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ২০১৮ শিক্ষা বর্ষের নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও ইদ্রিসিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করেন।
উল্লেখ্য, চলতি শিক্ষা বর্ষে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ৩১৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১ লাখ ৭০ হাজার ৯৮০ জন শিক্ষার্থীর মধ্যে ২২ লাখ ৯৫ হাজার ৮৭০ টি বই বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলার ৫ উপজেলার এক হাজার ৮৪৫ টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২ লাখ ৪৭ হাজার ৪৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৩ হাজার ১৯৮ টি বই বিতরণ করা হচ্ছে।
এদিকে পাঠ্যপুস্তক উৎসব উপলক্ষে সোমবার দুপুরে শহরের উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান প্রধান অতিথি ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পারভেজ আনোয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দ, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ইউনুছ আলী, সিনিয়র সহকারী শিক্ষক এমদাদুল হক প্রমুখ। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
























