শ্যামলবাংলা ডেস্ক : টানা তিন টেস্টে হেরে অ্যাশেজ আগেই হাতছাড়া করেছে ইংল্যান্ড। এবার ইংলিশদের সামনে সম্মান রক্ষার লড়াই। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অ্যালেস্টার কুকের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেল ইংল্যান্ড। বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন কুক।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জ্যাকসন বার্ডের করা ১২৮তম ওভারের চতুর্থ বলে চার হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন কুক। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ক্রিজে থেকে ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরির পথে ওয়ালি হ্যামন্ডকে (২০০) পেছনে ফেলে মেলবোর্নে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ইংলিশ ব্যাটসম্যানে পরিণত হন কুক।
একইসঙ্গে মেলবোর্ন টেস্টে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক বনেন কুক। ১৯৮৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে ২০৮ রানের ইনিংস খেলেছিলেন স্যার ভিভ রিচার্ডস। ৩৩ বছর পর তাকে ছাড়িয়ে যান কুক।
কুকের ডাবল সেঞ্চুরির সুবাদে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৩২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪৫০ রান করেছে।

























