স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় শেরপুরেও শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জেলা উন্নয়ন মেলা। আগামী ১১-১৩ জানুয়ারি পর্যন্ত জেলা কালেক্টরেট ভবন অঙ্গণে ওই মেলা চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরে সরকারের সাথে জনগণের উন্নয়নের যোগসূত্র প্রতিষ্ঠা করাই ওই মেলার মূল উদ্দেশ্য। এ উপলক্ষে ২৭ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মেজবাউল আলম ভূইয়া ও তামান্না শারমিন।
সভায় জানানো হয়, এ মেলায় মূলতঃ শেরপুর কেন্দ্রিক নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে। প্রতিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাগণ স্ব-স্ব স্টলে উপস্থিত থাকবেন এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে সরাসরি জিজ্ঞাসাবাদ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় একটি মিডিয়া সেন্টারসহ বিভিন্ন দপ্তরের প্রায় ৭০টি স্টল বসবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহমান বাংলার হারিয়ে যাওয়া গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।























