স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শুরু হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনার বই ছাড়াও বিভিন্ন সৃজনশীল প্রকাশনীর বই, বিদেশী লেখকের অনুবাদ গ্রন্থ, শিশুতোষ বই ও ভারতীয় প্রকাশকদের দুর্লভ বই বিক্রী করা হচ্ছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার সংগঠক মো. দেলোয়ার হোসেন জানান, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত এ বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনার বই শতকরা ৩০ শতাংশ, অন্যান্য প্রকাশনীর বই শতকরা ৩০ শতাংশ এবং ভারতীয় বই এক টাকায় দেড় টাকা মুল্য হিসেবে বিক্রয় করা হচ্ছে। বিকেলে ভ্রাম্যমান এ বইমেলায় গিয়ে দেখা যায়, অভিভাবকদের নিয়ে শিশু, তরুণ-তরুনী এবং নানা বয়সী মানুষ ভীড় করেছে। তারা ঘুরে ঘুরে বই দেখছেন। কেউ কেউ পছন্দের বই কিনছেন। মেলাপ্রাঙ্গণে কথা হয় নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সাথে। তিনি জানান, মহাত্মা গান্ধীর জীবনীর একটি বই তিনি কিনেছে। স্কুলের লাইব্রেরীর জন্য আরও প্রায় সাড়ে ৮ হাজার টাকা মুল্যের বই বাছাই করে রেখেছেন। বুধবার সেসব বই কিনে নেবেন। এ বইমেলাটি হয়ে খুব ভালো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৭টা পর্যন্ত ভ্রাম্যমাণ ওই বইমেলাটি চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।























